পুলিশ লাইন্সে দৌড় প্রতিযোগিতা, চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

বান্দরবানে পুলিশ সুপারের উদ্যোগে ২০০ মিটার দৌড়ে উদ্দীপনা, পুরস্কার পেলেন বিজয়ীরা।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: চাকরিপ্রার্থীদের উৎসাহ ও শারীরিক সক্ষমতা বাড়াতে বান্দরবান জেলা পুলিশ লাইন্স মাঠে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন পুলিশ সুপার মো. আবদুর রহমান। তৃতীয় দিনের কার্যক্রম শেষে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন ২৩ জন চাকরিপ্রার্থী।
প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণচাঞ্চল্য। কিছু সময়ের জন্য পুলিশ লাইন্স মাঠটি যেন রূপ নেয় এক ক্ষুদ্র অলিম্পিক মঞ্চে। দর্শকদের উপস্থিতি এবং প্রতিযোগীদের উদ্যমে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
দৌড় শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের তাৎক্ষণিকভাবে আর্থিক পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এ উদ্যোগে চাকরিপ্রার্থীদের মধ্যে বাড়তি অনুপ্রেরণা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে এবং তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সবাইকে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান।
এছাড়া, অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আসন্ন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এবং তাদের সুস্থ, নিরাপদ ও সফল ভবিষ্যৎ কামনা করেন।






