টানেলে ছয় রাত ডাইভারশন

রক্ষণাবেক্ষণ কাজে কর্ণফুলীতে আংশিক চলাচল, ভোগান্তির শঙ্কা।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ছয় দিন রাতভর আংশিক ট্রাফিক ডাইভারশন চালু হচ্ছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পতেঙ্গা থেকে আনোয়ারা অভিমুখী টিউবে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সময় আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউব ব্যবহার করে উভয় দিকের যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ব্যবস্থার ফলে টানেলের উভয় প্রান্তে যানবাহনকে অন্তত ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বিশেষ করে রাতের পণ্যবাহী পরিবহন ও দূরপাল্লার যান চলাচলে সাময়িক ধীরগতি দেখা দিতে পারে।

তবে নিরাপত্তা ও টানেলের কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি উল্লেখ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছে।

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রথম সমুদ্রতল টানেল হিসেবে কর্ণফুলীর নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের পরিকল্পিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।