আজ সিরিজ ফয়সালা: অনিশ্চিত সাগরিকা উইকেটে কঠিন পরীক্ষা দুই দলের

সাগরিকায় আজ সিরিজ নির্ধারণী ওয়ানডে, অনিশ্চিত পিচেই জয়ের খোঁজে দুই দল।
টুইট প্রতিবেদক চট্টগ্রাম: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন পৌঁছেছে চূড়ান্ত পর্বে। ১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।
দুই দলের জন্যই এই ম্যাচ কার্যত শিরোপা নির্ধারণী। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামের অনিশ্চিত উইকেট, যা ব্যাটিং ও বোলিং,উভয় বিভাগের জন্যই নতুন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
চলমান সিরিজে ঢাকার দুই ম্যাচে দুই ধরনের উইকেট দেখা গেছে,একটিতে ছিল স্পিনারদের প্রভাব, অন্যটিতে পেসারদের দাপট।
ফলে আজকের ম্যাচের আগে দুই দলেরই পরিকল্পনা নির্ভর করছে শেষ মুহূর্তের উইকেট বোঝাপড়ার ওপর।
বাংলাদেশ দলের বোলিং কোচ শন টেইট জানিয়েছেন, চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হলেও মাঝে মাঝে নিচু বাউন্স ও ভিন্ন আচরণ দেখা যায়।
তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার দক্ষতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আগের ম্যাচে জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে, যা আজকের ম্যাচে কাজে লাগাতে চায় বাংলাদেশ শিবির।
অন্যদিকে ব্যাটিং ইউনিট নিয়ে প্রত্যাশা থাকলেও অতিরিক্ত চাপ দিতে নারাজ কোচিং স্টাফ। তাদের মতে, ধারাবাহিকতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য।
বিশেষ করে আগের ম্যাচে কিছু ব্যাটারের ভালো পারফরম্যান্স দলকে স্বস্তি দিয়েছে।
বাংলাদেশের বোলাররা সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা দেখালেও ব্যাটারদের কাছ থেকে এখনও পূর্ণাঙ্গ পারফরম্যান্স আসেনি। ফলে আজকের ম্যাচে তাদের ওপরই বেশি নজর থাকবে।
দলীয় একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা গেছে। আগের ম্যাচের সমন্বয় বজায় রেখেই মাঠে নামতে পারে বাংলাদেশ।
সব মিলিয়ে চট্টগ্রামের আজকের ম্যাচ শুধু একটি ওয়ানডে নয়, বরং মানিয়ে নেওয়ার দক্ষতা, চাপ সামলানোর ক্ষমতা এবং শিরোপা জয়ের লড়াই,সবকিছুরই চূড়ান্ত পরীক্ষা।






