কচুয়ায় এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৮৩

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় প্রথম দিনেই কম উপস্থিতি, ভয়ের অভিযোগ অভিভাবকদের।

টুইট প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার ঘটনা উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, অংশগ্রহণের কথা থাকলেও নানা কারণে এই শিক্ষার্থীরা কেন্দ্রে আসেনি।

মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) ও দাখিলের কুরআন মাজিদ পরীক্ষায় উপজেলাজুড়ে মোট ৩ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।

এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৬০ জন। অনুপস্থিতদের মধ্যে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা,উভয় ধারার শিক্ষার্থীই রয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। উপজেলার ১২টি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয় এবং ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় দায়িত্ব পালন করেন সংশ্লিষ্টরা। কেন্দ্রগুলোতে বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

তবে স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, কঠোর পরিবেশ ও ভয়ের কারণে কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে সাহস পায়নি। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান (রাসেল), নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও নাইমা আফরোজ। পাশাপাশি বিশেষ ভিজিলেন্স টিম দিনভর দায়িত্ব পালন করে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রথম দিনেই এতসংখ্যক অনুপস্থিতি ভবিষ্যৎ পরীক্ষাগুলোর জন্য একটি সতর্ক সংকেত। পরিস্থিতির কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।