ময়মনসিংহে ইকবাল হত্যা: ৭ জনের ফাঁসি

জমি বিরোধে নৃশংস হত্যাকাণ্ড, দুই নারীকে কারাদণ্ড
টুইট প্রতিবেদক: ময়মনসিংহে আলোচিত শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে দুই নারী আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন,আসিফ রানা নাঈম, গোলাম হোসেন (গুলু), আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, ফরিদ আহম্মেদ (বাবু), ইউনুছ আলী (ইন্নাছ আলী) ও শামছুল হক।
এছাড়া দণ্ডপ্রাপ্ত দুই নারী খালেদা আক্তার ও রেহেনা খাতুনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, নিহত ইকবাল ময়মনসিংহ নগরীর রুমডো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২১ সালের ৩১ মে রাতে তারাকান্দা উপজেলার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
পরে পাঁচ দিন পর স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় জমি-সংক্রান্ত বিরোধকে হত্যার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং দীর্ঘ শুনানি ও ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাদী পরিবারও এই রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছে।
এই রায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারিক নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে, তবে দ্রুত রায় কার্যকরের দাবি জোরালো হচ্ছে।






