কুমিল্লায় হামে শিশুমৃত্যু বেড়ে ৫

নতুন ভর্তি ২২, হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক শিশু; রোগীর প্রকৃত হিসাব নিয়ে প্রশ্ন?
টুইট প্রতিবেদক: কুমিল্লায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হওয়ায় জেলায় এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। একই সময়ে নতুন করে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা পরিস্থিতির অবনতি নির্দেশ করছে।
রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী শিশু হোসাইনের মৃত্যু হয়। সে জেলার মুরাদনগর উপজেলার ভেলাচর এলাকার বাসিন্দা।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান জানান, গত ১৪ এপ্রিল জ্বর, কাশি ও শরীরে তীব্র র্যাশ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় হামে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বর্তমানে হাসপাতালটিতে ১০৬ শিশু চিকিৎসাধীন রয়েছে, আর মোট ৩৮৮ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আক্রান্তের প্রকৃত সংখ্যা ও তথ্য প্রকাশে গড়িমসির অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জন কার্যালয়ের বিরুদ্ধে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি বলে অভিযোগ স্থানীয় গণমাধ্যমকর্মীদের। অন্যদিকে সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির জানিয়েছেন, প্রতিদিন বিকেলে হামের রোগীদের তথ্য সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং সঠিক তথ্য প্রকাশ অত্যন্ত জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।






