মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে ৩ যুবক আটক

ভারতের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফের হাতে ধরা; বিজিবির সঙ্গে যোগাযোগ চলছে।

টুইট ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক আনতে গিয়ে তিন বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। রোববার দুপুরে ভারতের মধুপুর এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন,মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের শাহিন (২২), সোহাগ (২৭) এবং কানাইডাঙ্গা গ্রামের হৃদয় (১৫)। তারা সবাই সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ওই তিন যুবক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখান থেকে মাদক সংগ্রহের চেষ্টা চালান। এ সময় বিএসএফের টহলদল তাদের আটক করে।

ঘটনার বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে আটক যুবকেরা মাদক আনতে গিয়েই ধরা পড়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আটক তিনজন বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন এবং তারা সুস্থ আছেন বলে জানা গেছে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।