লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

ইউরোপগামী পথে ট্র্যাজেডি; জুয়ারা উপকূলে উদ্ধার অভিযান, তদন্ত শুরু।
টুইট ডেস্ক: লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে মরদেহগুলো উদ্ধার করা হয়।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। ইতোমধ্যে তার পরিচয় নিশ্চিত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত ১৭ জনের মধ্যে ১৪ জনকে যথাযথ ধর্মীয় ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে দাফন করা হয়েছে। তবে এখনো দুইজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে। সাধারণত ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবি, অথবা মরুভূমি পথে খাদ্য ও পানির সংকটে এমন মৃত্যুর ঘটনা ঘটে থাকে।
বিশ্লেষকদের মতে, ২০১১ সালে শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে বাঁচতে প্রতিবছর হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ এই পথে পাড়ি জমায়।






