বাবুগঞ্জে বৈশাখী উৎসবে ঘোড়দৌড়ের রোমাঞ্চ, জনসমুদ্রের ঢল

দুই বছরের বিরতির পর চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজারে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশ।

টুইট ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বৈশাখী মেলা ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে সৃষ্টি হয় এক উৎসবমুখর জনপদ।

দুই বছরের বিরতির পর পুনরায় আয়োজিত এ মেলায় গতকাল শনিবার হাজারো মানুষের ঢল নামে পোস্ট অফিস বাজার এলাকায়।

শুক্রবার শুরু হওয়া দুদিনব্যাপী এ মেলার মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে অংশ নেয় পাঁচটি ঘোড়া। প্রতিটি ঘোড়ার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা, গতি ও উত্তেজনা দর্শকদের মধ্যে সৃষ্টি করে ব্যাপক উচ্ছ্বাস। করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

স্থানীয়দের মতে, বৈশাখী মেলা শুধু বিনোদনের আয়োজন নয়; এটি গ্রামীণ সমাজে পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন দৃঢ় করার একটি ঐতিহ্যবাহী মিলনমেলা। মেলাকে কেন্দ্র করে আশপাশের গ্রামগুলোতে আত্মীয়-স্বজনদের মিলন ঘটে, বাড়ে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি।

আয়োজক কমিটির সদস্য আরিফুর রহমান ইরান জানান, দীর্ঘ বিরতির পর মেলা পুনরায় শুরু হওয়ায় মানুষের ব্যাপক সাড়া মিলেছে। ঘোড়দৌড়সহ নানা আয়োজন দেখতে আশপাশের কয়েক হাজার মানুষ ভিড় করেন।

অন্যদিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম জানান, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ব্যবস্থা রাখা হয়েছিল এবং সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

ঐতিহ্যবাহী এ মেলা স্থানীয় সংস্কৃতি ও লোকজ ক্রীড়া চর্চাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।