ডিপিএল দলবদলে তারকাদের দাপট, রিয়াদ প্রাইম ব্যাংকে

বিজয় মোহামেডানে, মমিনুল লিওপার্ডসে,প্রথম দিনেই শিরোপা লড়াইয়ের আভাস
টুইট ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের প্রথম দিনেই জমে উঠেছে ক্রিকেটাঙ্গন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীন সিসিডিএম কার্যালয়ে শনিবার দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে অনলাইন ও সরাসরি উপস্থিত হয়ে মোট ৭৯ জন ক্রিকেটার দলবদল সম্পন্ন করেছেন।
বাকি ক্রিকেটারদের অংশগ্রহণে আগামীকাল শেষ হবে এবারের দলবদল কার্যক্রম।
প্রথম দিনের লেনদেনেই স্পষ্ট হয়ে উঠছে সম্ভাব্য শিরোপা প্রতিদ্বন্দ্বীদের চিত্র। ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান শক্তিশালী দল গড়ে শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে রেখেছে।
পাশাপাশি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও নবাগত ঢাকা লিওপার্ডসও চমক দেখানোর মতো দল গড়েছে।
সবচেয়ে আলোচিত স্থানান্তরগুলোর একটি,অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের প্রাইম ব্যাংকে যোগদান। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক নতুন মৌসুমে দলটির নেতৃত্ব ও অভিজ্ঞতার ভরসা হয়ে উঠবেন বলেই ধারণা করা হচ্ছে। একই দলে তরুণ প্রতিভা তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবের উপস্থিতি দলটিকে দিয়েছে ভারসাম্য।
অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব দলে ভিড়িয়েছে একাধিক জাতীয় দলের ক্রিকেটারকে।
এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখের অন্তর্ভুক্তি দলটির ব্যাটিং লাইনআপকে করেছে আরও শক্তিশালী। এতে করে সাদা-কালো শিবিরকে এবার অন্যতম ফেভারিট হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা।
নবাগত ঢাকা লিওপার্ডসও পিছিয়ে নেই। টেস্ট অধিনায়ক মমিনুল হক, অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুনসহ বেশ কয়েকজন নির্ভরযোগ্য ক্রিকেটারকে দলে ভিড়িয়ে তারা নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের উপস্থিতিও দলটির গভীরতা বাড়িয়েছে।
এদিকে আবাহনী লিমিটেড দলে নিয়েছে খালেদ আহমেদ, সাব্বির রহমান, জাকের আলী অনিকদের মতো পরিচিত মুখ। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দলটি আবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
সব মিলিয়ে দলবদলের প্রথম দিন শেষে ডিপিএল ঘিরে প্রতিযোগিতার উত্তাপ আরও বেড়েছে।
শেষ দিনের লেনদেন শেষে দলগুলোর পূর্ণাঙ্গ শক্তিমত্তা স্পষ্ট হলে শিরোপা দৌড় আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






