জ্বালানির দাম বাড়িয়ে দিল সরকার

বিশ্ববাজারের অজুহাতে ডিজেল, পেট্রোল-অকটেনের বড় মূল্যবৃদ্ধি; রাত ১২টা থেকেই কার্যকর

টুইট প্রতিবেদক: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য আনার যুক্তিতে দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা সরাসরি ভোক্তা পর্যায়ে নতুন চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়। নতুন দাম কার্যকর হবে আজ রাত ১২টার পর থেকেই।

নতুন নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেলের মূল্য দাঁড়িয়েছে ১১৫ টাকা, যা আগে ছিল ১০০ টাকা।

একইভাবে অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বৃদ্ধি করে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে।

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই সমন্বয় করা হয়েছে।

তবে অর্থনীতিবিদরা মনে করছেন, ঘন ঘন মূল্যবৃদ্ধি পরিবহন খরচ বাড়িয়ে দ্রব্যমূল্যে নতুন করে চাপ সৃষ্টি করবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলবে।

এদিকে পরিবহন খাতের সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জ্বালানির দাম বাড়ার পর বাস ও অন্যান্য যানবাহনের ভাড়া সমন্বয়ের দাবি উঠতে পারে। ফলে সামগ্রিকভাবে বাজারে মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে স্বচ্ছ ও দীর্ঘমেয়াদি নীতির অভাব থাকায় এমন মূল্যবৃদ্ধি বারবার ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করছে। তারা স্থিতিশীল ও জনবান্ধব জ্বালানি নীতির ওপর গুরুত্বারোপ করেছেন।