ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ডস্টোরেজে রহস্যঘেরা মৃত্যু, তদন্তে পুলিশ।

টুইট ডেস্ক: চুয়াডাঙ্গার জীবনগরে একটি,কোল্ডস্টোরেজ ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের বাসিন্দা এবং কোল্ডস্টোরেজটির কর্মচারী ছিলেন।

সহকর্মীদের বর্ণনায় জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দায়িত্ব পালনের সময় এক সহকর্মীর চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি তুষারকে রাত আড়াইটায় জাগিয়ে দেওয়ার অনুরোধ করে আগেই ঘুমিয়ে যান।

তবে ভোর সাড়ে ৪টার দিকে জেগে উঠে তুষারকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। সকাল পর্যন্ত কোথাও না পেয়ে কোল্ডস্টোরেজের ভেতরে তল্লাশি চালানো হয়। পরে ভবনের পূর্ব পাশে ছাদের নিচে তুষারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি বলেন, “ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, একইসঙ্গে কোল্ডস্টোরেজে নিরাপত্তা ব্যবস্থার বিষয়েও প্রশ্ন উঠেছে।