বান্দরবানে বর্ণিল আয়োজনে বৈসু উৎসব উদ্যাপন

ত্রিপুরা সংস্কৃতির ঐতিহ্য, নৃত্য-গানে মুখরিত অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসু উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ফাতিমা রাণী গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন তাপতুন নাসরীন, ডিআইজি (হেডকোয়ার্টার্স), বাংলাদেশ পুলিশ এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
বৈসু উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। পুরাতন বছরের গ্লানি ও দুঃখকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে এই উৎসব নতুন আশার বার্তা বহন করে।
অনুষ্ঠানে ত্রিপুরা জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনার আয়োজন করা হয়। বিশেষ করে বৈসু নৃত্য, দলীয় গীত এবং রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, সম্প্রীতি ও আনন্দের ছোঁয়া। উপস্থিত দর্শকরা ত্রিপুরা সংস্কৃতির সৌন্দর্য ও বৈচিত্র্য উপভোগ করেন এবং উৎসবটি সবার মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।
বৈসুর এই আনন্দঘন উৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।






