সরকারি আইনি সহায়তায় ৩০ হাজার শ্রমিক

লিগ্যাল এইডের বিস্তারে বাড়ছে ন্যায়বিচারে প্রবেশাধিকার, নিষ্পত্তি বেড়েছে বিকল্প পদ্ধতিতে।

টুইট ডেস্ক: সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রমের আওতায় দেশের ৩০ হাজারের বেশি শ্রমিক সেবা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট ৩০ হাজার ৪১ জন শ্রমিক এ সুবিধার আওতায় আসেন।

প্রতিবেদন বলছে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য চালু হওয়া এই সেবা পরবর্তীতে শিল্পাঞ্চলকেন্দ্রিক হয়ে ওঠে।

বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মানুষের কাছে সেবা পৌঁছানো সহজ হয়।

ফলে কর্মক্ষেত্রে অধিকারবঞ্চিত শ্রমিকদের জন্য বিচারপ্রাপ্তির পথ তুলনামূলকভাবে উন্মুক্ত হয়েছে।

এই সময়কালে ২২ হাজার ১১০টি আইনি পরামর্শ প্রদান করা হয়েছে, যা শ্রমিকদের প্রাথমিক আইনি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাশাপাশি ৪ হাজার ৬২২টি মামলায় সরাসরি আইনি সহায়তা দেওয়া হয়, যার মধ্যে ৮২০টি মামলা ইতোমধ্যেনি ষ্পত্তি হয়েছে।

বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এডিআর  ব্যবহারেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।

মোট ৩ হাজার ৩০৯টি মামলার উদ্যোগ নেওয়া হলে এর মধ্যে ১ হাজার ৯২০টি মামলা নিষ্পত্তি হয়।

এতে দীর্ঘসূত্রতা কমে আসার পাশাপাশি দ্রুত সমাধানের পথ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিচারব্যবস্থায় প্রবেশাধিকারের ক্ষেত্রে অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে এই ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ করে প্রান্তিক ও নিম্নআয়ের শ্রমিকদের জন্য এটি ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।