বিদ্যুৎ সাশ্রয়ে বান্দরবানে সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ

সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ নির্দেশ। বিদ্যুৎ সাশ্রয়ে বান্দরবানে কৃচ্ছতা—ফার্মেসি ও রেস্তোরাঁ ছাড়া সব দোকান বন্ধ।
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৭টার পর ফার্মেসি ও রেস্তোরাঁ ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, সরকারের বিদ্যুৎ ব্যবহারে কৃচ্ছতা সাধনের সিদ্ধান্তের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পৌরসভা সূত্র জানায়, নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। তথ্য অফিস, বিদ্যুৎ বিভাগ এবং পৌর প্রশাসন সমন্বিতভাবে বিষয়টি তদারকি করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে ফার্মেসি ও রেস্তোরাঁ ছাড়া অন্যান্য সব দোকান বন্ধ রাখতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসনের এই সিদ্ধান্ত সাময়িকভাবে জনজীবনে প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ কমাতে এমন পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





