বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

চার দিনের প্রশিক্ষণে অংশ নেয় ৫৩ শিক্ষার্থী, জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হাতে-কলমে শিক্ষা

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে চার দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট। প্রশিক্ষণে শিক্ষার্থীদের রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মৌলিক ধারণা, মানবিক মূল্যবোধ, সাতটি মৌলিক নীতি এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পাশাপাশি দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে আহত ব্যক্তিকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার বিভিন্ন পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জ্ঞান ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ, ইউনিট সেক্রেটারি দৌলতুল কবির সিদ্দিকী, ইউনিট লেভেল অফিসার আশসাদুল হায়দার চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন এবং যুব প্রধান ওয়াহিদুল ইসলাম নোবেল।

আয়োজকেরা জানান, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব বিকাশের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম করে তুলবে।