ভুটান জয় করে ফাইনালে বাংলাদেশ, সামনে ভিয়েতনাম চ্যালেঞ্জ

অল্পের জন্য নারী দলের বিদায়, পুরুষদের সামনে স্বর্ণের সুযোগ!

টুইট ডেস্ক: এশিয়া কাপ আর্চারিতে আরেকটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আসরের কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে রৌপ্যপদক নিশ্চিত করে এখন স্বর্ণ জয়ের লড়াইয়ে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে জয় পেলেই দেশের আর্চারদের হাতে উঠবে কাঙ্ক্ষিত স্বর্ণপদক।

সেমিফাইনালে ভুটানের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২৩২-২২৮ স্কোরে জয় পায় হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদদের দল।

পুরো ম্যাচজুড়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তবে শেষ দিকে স্নায়ুচাপ সামলে নির্ভুল শটেই ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে স্বর্ণপদক নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম। ফাইনালে পরাজিত হলে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, তবে জয় পেলে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।

এর আগে মালয়েশিয়াকে হারিয়েই সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের আর্চারিতে দলগত সাফল্যের ইতিহাসে এটি নতুন কিছু নয়। ২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের এক লেগে কম্পাউন্ড পুরুষ দল রৌপ্য জিতেছিল। তবে তখন ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে স্বর্ণ হাতছাড়া হয়। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ সামনে।

অন্যদিকে নারী কম্পাউন্ড দল অল্পের জন্য ফাইনালে উঠতে পারেনি। বন্যা আক্তার, ঝুমা আক্তার ও কুলসুম আক্তারদের দল থাইল্যান্ডের বিপক্ষে মাত্র এক পয়েন্টে হারে। থাইল্যান্ড ২৩০ স্কোর করে ফাইনালে উঠলেও বাংলাদেশের সংগ্রহ ছিল ২২৯।

রিকার্ভ পুরুষ দলও সম্ভাবনা জাগিয়েছিল। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহারা ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে উঠলেও কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে দাঁড়াতে পারেনি।

সব মিলিয়ে ব্যাংককের আসরে বাংলাদেশের আর্চাররা শক্ত অবস্থান গড়ে তুলেছে। এখন দৃষ্টি একটাই ফাইনালে জয়, আর তাতে মিলতে পারে বহু প্রতীক্ষিত স্বর্ণপদক।