ভেন্যু বদলে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ হকি দল

 

যুদ্ধের প্রভাব,পিছোল সূচি,নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ল এশিয়ান গেমস হকির বাছাই পর্বে। ওমানে নির্ধারিত আসরটি নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হয়েছে থাইল্যান্ডে।

আয়োজক সংস্থা এশিয়ান হকি ফেডারেশন সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়।

মূল সূচি অনুযায়ী ২৮ মার্চ মাসকাটে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও নতুন সূচিতে তা পিছিয়ে শুরু হবে ২ এপ্রিল থেকে।

ভেন্যু পরিবর্তনের পাশাপাশি সময়সূচির এই পরিবর্তন অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতিতেও প্রভাব ফেলেছে।

বাংলাদেশ দলের যাত্রাসূচিতেও এসেছে পরিবর্তন। আগে ২৫ মার্চ রওনা হওয়ার কথা থাকলেও নতুন পরিকল্পনা অনুযায়ী দলটি দেশ ছাড়বে ৩১ মার্চ।

প্রস্তুতির সময় কিছুটা বাড়লেও হঠাৎ পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৯টি দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান।

গ্রুপ পর্ব পেরিয়ে সেরা চারটি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান প্রশিক্ষক আশিকুজ্জামান বলেন, “পরিস্থিতি বদলালেও আমাদের লক্ষ্য অপরিবর্তিত। প্রস্তুতি ভালো হয়েছে, ছেলেরা আত্মবিশ্বাসী।

আগের মতোই ভালো ফলের প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নামব।”বিশ্লেষকরা মনে করছেন, ভেন্যু পরিবর্তনের ফলে আবহাওয়া ও কন্ডিশনের ভিন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

থাইল্যান্ডের আর্দ্র আবহাওয়া ও টার্ফের গতি খেলায় প্রভাব ফেলতে পারে, যা দ্রুত মানিয়ে নিতে পারলেই এগিয়ে থাকবে দলগুলো।

সব মিলিয়ে অপ্রত্যাশিত পরিবর্তনের মাঝেই নতুন করে পরিকল্পনা সাজিয়ে লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ লক্ষ্য একটাই, এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করা।