ভুল নির্ণয়ের ঝড় পেরিয়ে স্বস্তিতে এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভ্রান্তি উন্মোচিত, ফরাসি বিশেষজ্ঞের পরামর্শে অস্ত্রোপচার ছাড়াই পুরোপুরি সুস্থ ফরাসি অধিনায়ক
টুইট ডেস্ক: মাদ্রিদ থেকে প্যারিস এক অভূতপূর্ব চিকিৎসা বিভ্রান্তির অধ্যায় শেষ করে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে।
বাম হাঁটুর সমস্যা নিয়ে রিয়াল মাদ্রিদের প্রাথমিক পরীক্ষায় ভুল হয়েছিল,যা তার ক্যারিয়ারকে গভীর ঝুঁকির মুখে ফেলতে পারত।
সর্বশেষ খবর অনুযায়ী, ফরাসি বিশেষজ্ঞদের সঠিক মূল্যায়নের পর অস্ত্রোপচারের প্রয়োজন ফুরিয়েছে এবং তিনি এখন পুরোপুরি সুস্থ।
২০২৫ সালের ডিসেম্বরে সেলটা ভিগোর বিপক্ষে ম্যাচের পর বাম হাঁটুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের চিকিৎসক দল প্রাথমিক এমআরআই পরীক্ষায় ভুল করে ডান হাঁটু পরীক্ষা করেন, যার ফলে কোনো সমস্যা ধরা পড়েনি।
এরপর তিনি তিনটি ম্যাচ খেলেন। পরে সঠিক হাঁটু পরীক্ষায় উঠে আসে পশ্চাৎ লিগামেন্টের আংশিক ছিঁড়ে যাওয়া। এই ভুল নির্ণয় নিয়ে ফরাসি সাংবাদিক দানিয়েল রিওলো প্রথম প্রকাশ্যে অভিযোগ তোলেন।
এমবাপ্পে নিজ দেশে ফিরে হাঁটুর বিশেষজ্ঞ চিকিৎসক বার্ট্রাঁ সোনেরি-কটেতের শরণাপন্ন হন।
তিনি অস্ত্রোপচারের পরিবর্তে ১৫ দিনের কঠোর পেশি শক্তিশালীকরণ কর্মসূচি দেন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদও পরে চিকিৎসা দলে পরিবর্তন আনে।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে এমবাপ্পে নিজেই বলেন, “আমার হাঁটু এখন ভালো আছে। আমি ১০০ শতাংশ সুস্থ। প্যারিসে সঠিক নির্ণয় পেয়েছি, যা আগের সব গুজবকে মিথ্যা প্রমাণ করেছে।
” তিনি আরও জানান, এই সময়ে তিনি হতাশা ও উদ্বেগ অনুভব করেছেন, কিন্তু এখন সব পেছনে ফেলে এসেছেন।
বর্তমানে ফরাসি জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন এমবাপ্পে।
আসন্ন প্রীতি ম্যাচে ব্রাজিল (২৬ মার্চ) ও কলম্বিয়ার (২৯ মার্চ) বিপক্ষে খেলার জন্য প্রস্তুত তিনি। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের সেরা ছন্দে ফিরে আসার লক্ষ্য তার।
চিকিৎসা বিভ্রান্তির এই ঘটনা রিয়াল মাদ্রিদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুললেও, এমবাপ্পের সুস্থতা ফুটবলপ্রেমীদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। এখন সবার নজর তার মাঠে ফেরা পারফরম্যান্সের দিকে।






