অভিষেকেই শতরানের ঝড়: ১৫ বছরে বিশ্ব অভিলেখ গড়লেন রুয়ান্ডার কিশোরী

নারীদের আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানের মালিক এখন ফ্যানি উতাগুশিমানিন্দে।

টুইট ডেস্ক: লাগোস, ২২ মার্চ ২০২৬: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় যোগ হলো। মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে নিজের প্রথম ম্যাচেই ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে নারীদের বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের বিশ্ব অভিলেখ গড়েছেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে।

এই কীর্তি শুধু নারীদের নয়, পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সর্বকনিষ্ঠ শতরানেরও নতুন মানদণ্ড স্থাপন করেছে।

নাইজেরিয়া আমন্ত্রণমূলক নারী বিশ ওভারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলে ১৭টি চার মেরে এই ঝোড়ো ইনিংস সাজান তিনি।

তার ব্যাটিংয়ের সুবাদে রুয়ান্ডা ৩ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে ঘানা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানে থেমে যায়। ফলে ১২২ রানের বড় জয় পায় রুয়ান্ডা।

এই জয়ে বল হাতে তিন উইকেট নেন বেলিসে মুরেকাতে।
এর আগে নারীদের আন্তর্জাতিক বিশ ওভারের ক্রিকেটে অভিষেক ম্যাচে শতরানের কোনো নজির ছিল না।

সর্বোচ্চ ৯৬ রানের অপরাজিত ইনিংসের অভিলেখ ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের। সেই অভিলেখ ছাড়িয়ে প্রথম নারী হিসেবে অভিষেকেই শতরান করার বিরল কৃতিত্ব দেখালেন উতাগুশিমানিন্দে। এ ছাড়া নারীদের বিশ ওভারের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতরানের আগের অভিলেখ ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর।

১৬ বছর ২৩৩ দিন বয়সে ২০১৯ সালে তিনি ১১৬ রান করেছিলেন। সেই অভিলেখও ভেঙে দিয়েছেন রুয়ান্ডার এই কিশোরী।

পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানের আগের অভিলেখ ছিল আয়ারল্যান্ডের অ্যামি হান্টারের। ১৬ বছর বয়সে একদিনের আন্তর্জাতিকে তিনি ১২১ রান করেছিলেন।

আর পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সে শতরান করার অভিলেখ পাকিস্তানের শহীদ আফ্রিদির। ১৬ বছর ২১৭ দিন বয়সে ১৯৯৬ সালে তিনি ১০২ রান করেছিলেন মাত্র ৩৭ বলে। উতাগুশিমানিন্দের এই কীর্তি দেখিয়ে দিয়েছে, আফ্রিকার উদীয়মান ক্রিকেট শক্তি রুয়ান্ডা এখন বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা করে নিচ্ছে।

এই অসাধারণ ইনিংসের পর রুয়ান্ডার ক্রিকেটে নতুন এক যুগের সূচনা হয়েছে বলা যায়। কিশোরী উতাগুশিমানিন্দের মতো প্রতিভা যদি নিয়মিত উঠে আসে, তাহলে আফ্রিকার ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

এই অভিলেখ শুধু ব্যক্তিগত নয়, পুরো মহাদেশের জন্য অনুপ্রেরণা। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় তার এই ফর্ম অব্যাহত থাকলে রুয়ান্ডা আরও বড় চমক দিতে পারে।