চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে ঈদ, মধ্যপ্রাচ্যের আগেই জামাত

হাজীগঞ্জের সাদ্রা গ্রামে ব্যতিক্রমী উদযাপন; সৌদির আগেই ঈদ পালন করলেন অনুসারীরা

টুইট ডেস্ক: ঈদুল ফিতরকে ঘিরে যখন সারা দেশে ঘরমুখো মানুষের ভিড়, ঠিক তখনই ব্যতিক্রমী এক চিত্র দেখা গেল চাঁদপুর-এ। মাইকে ‘ঈদ মুবারক’ ঘোষণা দিয়ে আগেভাগেই ঈদের নামাজ আদায় করেছেন এক গ্রামের বাসিন্দারা।

জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সৌদি আরব-এর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের রীতি থাকলেও এবার একদিন আগেই ঈদ পালন করেছেন একদল অনুসারী।

সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে তারা এদিন ঈদ উদযাপন করছেন।

মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, “নাইজার ও মালিসহ কয়েকটি দেশে চাঁদ দেখা গেছে। তাই আমরা আজ ঈদ উদযাপন করছি। সারা পৃথিবীতে চাঁদ একটাই, তাই ঈদও একদিনেই হওয়া উচিত।”

গ্রামের একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। মাইকে ঘোষণা শুনে পাশের গ্রামের মানুষজনও সেখানে ভিড় করেন।

উল্লেখ্য, চাঁদপুর-এর বেশ কিছু গ্রামে প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের নজির রয়েছে।