৫০ লাখ রুপি জরিমানা’ সংবাদে তীব্র প্রতিক্রিয়া

সংগৃহীত

বাজে পারফরম্যান্সের পরও খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্তের কথা অস্বীকার পিসিবির।

টুইট প্রতিবেদক: সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান দলের প্রতিটি খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হবে, এমন খবর প্রকাশ করে দেশটির একটি সংবাদমাধ্যম। তবে এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দেশটির সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর ৫০ লাখ রুপি জরিমানা আরোপের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

তবে পিসিবির মিডিয়া বিভাগের প্রধান আমির মীর এই খবরকে গুজব বলে মন্তব্য করেছেন। তিনি জানান, বোর্ডের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আমির মীর বলেন, ‘পিসিবি কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব। খেলোয়াড়দের ওপর এ ধরনের জরিমানার কোনো বিধান বা নজির নেই।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান মোট ছয়টি ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও ভারতের কাছে হারের মুখ দেখতে হয় তাদের।

সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়ে দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও বড় ব্যবধানে জয় না পাওয়ায় সেমিফাইনালে ওঠা সম্ভব হয়নি সালমান আগার দলের।