অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

২০ মার্চ ঈদ উদযাপনের সিদ্ধান্ত, ১৯ মার্চ হবে রমজানের শেষ দিন।

টুইট ডেস্ক: অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল। কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য ও চাঁদ দেখার সম্ভাবনা বিশ্লেষণ করে আগামী ২০ মার্চ ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাউন্সিল জানায়, এ হিসাব অনুযায়ী ২০২৬ সালের বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে পবিত্র রমজান মাসের শেষ দিন।

বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ পর্যবেক্ষণে নিয়োজিত বিশেষায়িত বৈজ্ঞানিক সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর তার দৃশ্যমান থাকার সময় এবং অস্ট্রেলিয়া ও আশপাশের অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার ভিত্তিতেই ঈদের দিন নির্ধারণ করা হয়।

এই পদ্ধতি অনুসরণ করে রমজানের শুরু ও শেষ, শাওয়াল মাসের সূচনা এবং ঈদের দিন নির্ধারণ করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল। বিশ্বজুড়ে বিভিন্ন স্বীকৃত বৈজ্ঞানিক ও ইসলামি সংস্থাও একই ধরনের মানদণ্ড অনুসরণ করে থাকে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাংলাদেশে ঈদের চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়, যা নির্ভর করে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর।

উল্লেখ্য, এক মাস রোজা পালনের পর মুসলিম বিশ্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস রমজান সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং এর শুরু ও শেষ নির্ধারিত হয় চাঁদ দেখার ভিত্তিতে।

সূত্র: খালিজ টাইমস।