মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে ভিআইপি

প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করছেন মন্ত্রী ও বিদেশি কূটনীতিকরা।

নিজস্ব প্রতি‌নি‌ধি: ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এ চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। চলমান ম্যাচটি সরাসরি উপভোগ করতে মাঠে উপস্থিত হয়েছেন সরকারের স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেডিয়ামে পৌঁছান। প্রেসিডেন্ট বক্সে বসে ম্যাচটি উপভোগ করতে দেখা যায় তাকে। একই বক্সে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া ও ব্রিটিশ হাইকমিশনারও। কূটনীতিকদের উপস্থিতিতে গ্যালারিতে ছিল বাড়তি উৎসবমুখর পরিবেশ।

এদিকে চলমান সিরিজে ইতোমধ্যে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগাররা পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে যায়, যা দ্বিতীয় ম্যাচকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও গ্যালারিতে দেখা যায় প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান–কে। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তিনি মিরপুরে এসে মাঠে বসেই বাংলাদেশের দাপুটে জয় উপভোগ করেন। তার উপস্থিতি গ্যালারিতে দর্শকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে মিরপুরের মাঠে ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনের ব্যক্তিদের উপস্থিতিও বাড়তি আগ্রহ তৈরি করেছে।