ন্যাশভিল মাঠে কোনো গোল হয়নি: কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত

ন্যাশভিলের মাঠে জালের দেখা পেল না কোনো দল, শেষ আটের ভাগ্য নির্ধারণ হবে ফিরতি লেগে।
টুইট ডেস্ক: কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর প্রথম লেগে গোলশূন্য সমতায় শেষ হয়েছে ইন্টার মিয়ামি ও ন্যাশভিল এসসি র লড়াই। ন্যাশভিলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণ গড়াল দ্বিতীয় লেগে।
ম্যাচটিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছেন তিনি। ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে এগিয়ে এসে নেওয়া তার শটটি দারুণভাবে প্রতিহত করেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াক। ফলে গোল বা সহায়তা কোনোটিই করতে পারেননি মেসি।
পরিসংখ্যানে কিছুটা এগিয়ে ছিল মিয়ামি। দলটি প্রায় ৫৯ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে। তবে আক্রমণে সেই দখলের খুব একটা প্রভাব দেখা যায়নি। পুরো ম্যাচে মিয়ামি নেয় পাঁচটি শট, যার মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্যদিকে স্বাগতিক ন্যাশভিল আক্রমণে ছিল বেশি।
সক্রিয়। তারা নেয় ১১টি শট, যার পাঁচটি ছিল লক্ষ্যে। ৬৫তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি তৈরি করেন তরুণ ফুটবলার রিড বেকার-হোয়াইটিং। কর্নার থেকে পাওয়া বলে বক্সের ভেতর তার নেওয়া হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
ন্যাশভিলের বিপক্ষে মেসির সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য ছিল দারুণ। ২০২৪ সালের এপ্রিল থেকে এই প্রতিপক্ষের বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। সেই সময়ে তার সংগ্রহ ছিল ১২ গোল ও ৫টি সহায়তা। তবে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন এই তারকা।
গোলশূন্য সমতায় শেষ হওয়ায় শেষ আটে ওঠার লড়াই এখন পুরোপুরি নির্ভর করছে দ্বিতীয় লেগের ওপর। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি ম্যাচেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে কোন দল।






