পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশ

রানার ফাইফারে ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান; সহজ লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় টাইগারদের

টুইট ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়েছে। অতিথিদের দেওয়া ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই শতাধিক বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর দল।

বুধবার (১১ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ১০ ওভারে ৪১ রানের জুটি গড়েন শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তবে এই জুটি ভাঙার পরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে।

পেসার রানা একে একে শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘাকে আউট করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেন। এক পর্যায়ে বিনা উইকেটে ৪১ রান থেকে মুহূর্তেই ৬ উইকেটে ৭০ রানে পরিণত হয় পাকিস্তান। শেষ পর্যন্ত ১১৪ রানেই অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ।

বাংলাদেশের হয়ে রানার পাঁচ উইকেটের সঙ্গে তিনটি উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের চাপে ফেলেন টাইগার ব্যাটাররা। ৪ রান করে সাইফ হাসান আউট হলেও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তানজিদ হাসান তামিম।

৩২ বলেই ফিফটি পূর্ণ করেন তানজিদ। শান্ত ৩৩ বলে ২৭ রান করে আউট হলেও অপর প্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তানজিদ হাসান তামিম।