চ্যাম্পিয়নস লীগে উত্তেজনার রাত

 

শেষ ষোলোর প্রথম লীগে ইউরোপের শক্তিধর ক্লাবগুলোর লড়াই, কোয়ার্টার ফাইনালের পথে প্রথম ধাপের পরীক্ষা।

টুইট ডেস্ক: ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠ আসর চ্যাম্পিয়নস লিগে শুরু হয়েছে নকআউট পর্বের উত্তাপ। গ্রুপ ও প্লে-অফ পর্ব শেষ করে শেষ ষোলোর লড়াইয়ে নামছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। আজকের ম্যাচগুলোকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, কারণ কোয়ার্টার ফাইনালের পথে এটি দলগুলোর প্রথম বড় পরীক্ষা।

সূচি অনুযায়ী আজ রাতেই অনুষ্ঠিত হবে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রাত পৌনে বারোটায় তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে মুখোমুখি হবে ইংল্যান্ডের লিভারপুল। এরপর দিবাগত রাত দুইটায় মাঠে নামবে স্পেনের বার্সেলোনা ও ইংল্যান্ডের নিউক্যাসল। একই সময়ে স্পেনের আতলেতিকো মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে এবং ইতালির আতালান্তা লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে।

বার্সেলোনা ও নিউক্যাসলের ম্যাচটি বিশেষ নজর কাড়ছে। ইউরোপের এই মর্যাদাপূর্ণ আসরের শেষ ষোলোতে এবারই প্রথম উঠেছে নিউক্যাসল। তবে অভিজ্ঞতা ও ইতিহাসে এগিয়ে থাকা বার্সেলোনা নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইবে। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নকআউট পর্বে বার্সার অতীত রেকর্ডও বেশ শক্তিশালী।

তুরস্কে গালাতাসারাইয়ের বিপক্ষে লিভারপুলের ম্যাচটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে গালাতাসারাইয়ের আক্রমণভাগ বেশ কার্যকর। ইউরোপীয় প্রতিযোগিতায় সাম্প্রতিক সময়ে তাদের গোল করার ধারাবাহিকতা নজর কাড়ছে। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলের পারফরম্যান্স ভালো হলেও গালাতাসারাইয়ের বিপক্ষে অতীত পরিসংখ্যানে তারা খুব স্বস্তিতে নেই।

আরেক ম্যাচে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও টটেনহ্যাম। ইউরোপীয় মঞ্চে টটেনহ্যাম সাম্প্রতিক সময়ে ভালো খেললেও ঘরোয়া লিগে তাদের পারফরম্যান্স হতাশাজনক। বিপরীতে কঠিন প্লে-অফ লড়াই পেরিয়ে শেষ ষোলোতে উঠে আত্মবিশ্বাসী আতলেতিকো মাদ্রিদ।
ইতালির আতালান্তা ও জার্মানির বায়ার্ন মিউনিখের ম্যাচটিও হতে পারে রোমাঞ্চকর। চলতি মৌসুমে বায়ার্ন দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সব প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য পাচ্ছে। ফলে আতালান্তার জন্য এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেই ইউরোপের ফুটবলমঞ্চে জমে উঠছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এই লড়াইয়ের ফলই ঠিক করে দেবে কোয়ার্টার ফাইনালের পথে কারা এগিয়ে থাকবে।