ভারতের টানা বিশ্বকাপ জয়

নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ইতিহাস; প্রথম দল হিসেবে টানা দুইবার ও মোট তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।

টুইট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। রোববার অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করে ইতিহাস গড়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি।

এই জয়ের মধ্য দিয়ে প্রথম দল হিসেবে টানা দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়ল ভারত।একই সঙ্গে মোট তিনবার এই আসরের শিরোপা জয়ের রেকর্ডও গড়ল তারা।

ফাইনালে আগে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২৫৫ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় ওভারেই ওপেনার ফিন অ্যালেনের বিদায়ে ধাক্কা খায় কিউইরা।

পাওয়ার প্লের ছয় ওভারে তিন উইকেটে ৫২ রান তুললেও মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

১০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৮ রান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় কিউইরা।

দলের পক্ষে ওপেনার টিম সাইফার্ট ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। অধিনায়ক মিচেল স্যান্টনার করেন ৪৩ রান। তবে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে তাদের এই লড়াই বড় ব্যবধান কমাতে পারেনি।

ভারতের পক্ষে দুর্দান্ত বোলিং করেন যশপ্রীত বুমরাহ। তিনি ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অক্ষর প্যাটেল নেন ৩ উইকেট।এর আগে ব্যাট হাতে ভারতের বড় সংগ্রহ গড়ার ভিত তৈরি করেন সঞ্জু স্যামসন। তিনি ৮৯ রানের ঝলমলে ইনিংস খেলেন।

ঈশান কিশান ৫৪ ও অভিষেক শর্মা ৫২ রান করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। শেষ দিকে শিবম দুবে অপরাজিত ২৬ রান যোগ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৫/৫ (স্যামসন ৮৯, ঈশান ৫৪, অভিষেক ৫২, শিবম ২৬*, পান্ডিয়া ১৮; নিশাম ৩/৪৬, রবীন্দ্র ১/৩২, হেনরি ১/৪৯)।

নিউজিল্যান্ড: ১৯ ওভারে ১৫৯ (সাইফার্ট ৫২, স্যান্টনার ৪৩, মিচেল ১৭; বুমরাহ ৪/১৫, অক্ষর ৩/২৭, পান্ডিয়া ১/৩৬)।
ফল: ভারত ৯৬ রানে জয়ী।
ম্যাচসেরা: যশপ্রীত বুমরাহ।
সিরিজসেরা: সঞ্জু স্যামসন।

ম্যাচে অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন যশপ্রীত বুমরাহ। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরা হয়েছেন সঞ্জু স্যামসন।এই জয়ের মাধ্যমে শুধু শিরোপাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাসও লিখল ভারত।

ধারাবাহিক সাফল্যে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল দলটি।