পঞ্চম শ্রেণির বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ

সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক; সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্র, বৃত্তি বণ্টনে ৮০:২০ অনুপাত!
টুইট ডেস্ক: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, উচ্চ আদালতের একটি আদেশের প্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এতদিন কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা নেওয়া হতো, যা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতের পর্যবেক্ষণের পর সমতা নিশ্চিত করতে এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে।
একই প্রশ্নে পরীক্ষা, কোটা নির্ধারণ
শিক্ষামন্ত্রী জানান, সরকারি ও বেসরকারি—উভয় ধারার শিক্ষার্থীদের জন্য একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীর সংখ্যাগত পার্থক্য বিবেচনায় বৃত্তি বণ্টনে অনুপাত নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, “সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মোট বৃত্তির ৮০ শতাংশ তাদের দেওয়া হবে এবং অবশিষ্ট ২০ শতাংশ বেসরকারি, অর্থাৎ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।”
বৃত্তির পরিমাণ
মন্ত্রী জানান, ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা দেওয়া হবে। সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা
আগামী বছর থেকে বৃত্তির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে বৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শিক্ষাবিদদের মতে, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে এনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষায় সমতা ও অন্তর্ভুক্তি জোরদার করবে। তবে বৃত্তির পরিমাণ ও সংখ্যাগত সীমাবদ্ধতা ভবিষ্যতে পুনর্বিবেচনার দাবি উঠতে পারে।
নীতিগত এ পরিবর্তনের মাধ্যমে প্রাথমিক স্তরে মেধা যাচাই ও উৎসাহ প্রদানে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






