কেন্দ্র দখল করলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

টুইট ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সময় কেউ কেন্দ্র দখল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না এবং সিসিটিভি ফুটেজ দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরের সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচন সংক্রান্ত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার কোথাও কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না। কেন্দ্র দখল রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পুলিশের জন্য ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা দেওয়া হচ্ছে। আমরা ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করছি। তারপরও কেউ অবৈধ কাজ করলে ভাই হোক বা বোন হোক, কোনো ছাড় নেই। তিন দিন, চার দিন বা ছয় মাসের জামিন থাকলেও ধরা পড়বেন।”

তিনি আরও বলেন, “শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রও বাইরে আছে। বিভিন্ন থানার লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে উদ্ধার কার্যক্রম দ্রুত বাড়ানো হয়েছে। আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণ হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ময়মনসিংহে আইন-শৃঙ্খলার পরিস্থিতি সন্তোষজনক এবং এই প্রস্তুতি জাতিকে একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন দিতে সক্ষম হবে।”

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।