নির্বাচনের আগেই লু/ট হওয়া অ/স্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

টুইট ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো উপায়ে ও দ্রুততম সময়ের মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘লুট হওয়া অস্ত্র যেভাবেই হোক নির্বাচনের আগেই উদ্ধার করতে হবে।’

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভায় এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সভায় তিনি সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি নিকার-এর প্রথম সভা।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, সভায় নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘যাঁরা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাঁদের অনেকের অতীত ভূমিকা আমাদের জানা। গত সাড়ে ১৫ বছরে তাঁরা কী ধরনের দালালির সঙ্গে যুক্ত ছিলেন, তা অজানা নয়। তাই এসব বক্তব্যে আমরা বিস্মিত নই।’

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে এবং সবাই কথা বলতে পারেন। তবে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়—নির্ধারিত দিনেই নির্বাচন হবে। সরকার বিশ্বাস করে, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, দেশের সাধারণ মানুষ তা বিশ্বাস করে না।