বান্দরবানে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি

তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে আয়োজিত টুর্নামেন্টে থানচিকে হারিয়ে শিরোপা জিতে নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা দল।

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়েছে। সমাপনী দিনের উত্তেজনাপূর্ণ ফাইনালে থানচি উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল।

রবিবার (১৪ ডিসেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।

তিনি বলেন, “এই ধরনের টুর্নামেন্ট দেশের তরুণ প্রতিভা অন্বেষণ ও বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব গড়ে ওঠে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, দেশের তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

এবারের টুর্নামেন্টের স্লোগান ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, যা মূলত ‘তারুণ্যের উৎসব–২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী উদযাপিত হচ্ছে।

৯ ডিসেম্বর শুরু হয়ে ১৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টুর্নামেন্টটি ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান, ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসটু মেজর পারভেজ রহমান, বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মুনসুর, জেলা পরিষদের সদস্য নাসিরুদ্দিন, আবুল কালাম আজাদ, উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টুর্নামেন্টে বান্দরবানের সাতটি উপজেলা ফুটবল দল ও বান্দরবান সদর ফুটবল দলসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।