মধ্যরাতে ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বদলি প্রতিরক্ষা সচিব

১২ অতিরিক্ত সচিব ও চার যুগ্মসচিবের চাকরির অবসান, একাধিক মন্ত্রণালয়ে রদবদল।
টুইট প্রতিবেদক: সরকারি প্রশাসনে বড় ধরনের রদবদল ও সিদ্ধান্তের অংশ হিসেবে ১৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব এবং চারজন যুগ্মসচিব। একই রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত সচিবদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম ও গৌতম চন্দ্র পাল।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, ড. হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকি, নূরুন আখতার এবং মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
অন্যদিকে, অবসরে পাঠানো চার যুগ্মসচিব হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরোদ চন্দ্র মণ্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলাম।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদেও পরিবর্তন আনা হয়েছে। মো. আশরাফ উদ্দিনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান।
এ ছাড়া অবসরজনিত সুবিধা গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমানকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাসুদ আলমকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তাঁর চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সোহেলুর রহমান খানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাঁর চাকরিও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এক রাতের এসব সিদ্ধান্তে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। বাধ্যতামূলক অবসর ও সচিব পর্যায়ের রদবদলের পাশাপাশি একাধিক দপ্তর ও সংস্থার নেতৃত্বেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।






