প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে আলোচনায় ম্যাকাও, ১০০ টাকায় মিলছে ছবি তোলার সুযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে পাখিটির ছবি ছড়িয়ে পড়ার পর আগারগাঁওয়ের প্রাণিসম্পদ মেলায় বেড়েছে দর্শনার্থীদের ভিড়।

টুইট ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর মেলায় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে একটি ম্যাকাও পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাখিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন মাত্র ১০০ টাকা খরচ করে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান তিনি। এর মধ্যে একটি ম্যাকাও পাখির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি ছড়িয়ে পড়লে পাখিটিকে ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেড়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির সঙ্গে ছবি তুলতে নির্দিষ্ট স্টলের সামনে ভিড় দেখা যায়। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীকে লাইনে দাঁড়িয়ে ছবি তোলার অপেক্ষা করতে দেখা গেছে। কেউ পাখিটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ সেই মুহূর্ত মুঠোফোনে ভিডিও করে রাখছেন।

‘বার্ড মেনিয়া’ নামের একটি প্রতিষ্ঠান পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকদের ভাষ্য, ম্যাকাওসহ বিভিন্ন জাতের পাখি রাখা হয়েছে সেখানে। এসব পাখির সঙ্গে ছবি তুলতে নির্ধারিত টোকেন মূল্য দিতে হচ্ছে। ১০০ টাকা পরিশোধ করলেই মিলছে ছবি তোলার সুযোগ।

তিন দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। রয়েছে বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা প্রজাতির পাখি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরেই দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি। ফলে মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে পাখিটির স্টল।