রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস

সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির আশঙ্কা নেই, আন্তর্জাতিক বাজারের প্রভাবে সমন্বয় হয়েছে ভোজ্যতেলের দাম।

টুইট প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে। ফলে রমজানে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার এবং আমদানির উৎসস্থলে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করতে হয়েছে। সয়াবিন ও পাম তেল বাংলাদেশে উৎপাদিত হয় না। তাই আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম বাড়লে বা কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।

তিনি জানান, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম আরও কিছুটা বেশি হওয়ার কথা ছিল। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে বর্তমান দাম ধরে রাখা হয়েছে। এ ক্ষেত্রে তাদের ওপর চাপ প্রয়োগ করেও রাজি করানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের মূল্য নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।

এদিকে, গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে অস্বাভাবিক আর্থিক লেনদেনের প্রবণতা দেখা দেওয়ায় সরকার সতর্ক অবস্থান নিয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

এর আগে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও জানান, উপকারভোগীদের প্রয়োজনীয় কৃত্রিম অঙ্গ তৈরি ও সরবরাহের দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পালন করবে। অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর প্রতিষ্ঠানকে অনুদানের অর্থ দেওয়া হবে। পাশাপাশি পরবর্তী সময়ে প্রয়োজনীয় সেবা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ব্যবস্থাও থাকবে।

আগ্রহী উপকারভোগীদের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কারও ব্যবসার পরিকল্পনা থাকলে ক্ষুদ্র পুঁজির ব্যবস্থায়ও সহযোগিতা করা হবে। এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।