গোপালগঞ্জে প্রায় ২ লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, বিপাকে গ্রাহক

বিকাশের ১ লাখ ২১ হাজার ও নগদের ৭৮ হাজার হিসাব স্থগিত, আটকে আছে গ্রাহকদের টাকা।

টুইট প্রতিবেদক: গোপালগঞ্জে হঠাৎ করে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ হিসাব সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এসব হিসাবে থাকা টাকা উত্তোলন ও লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

গত বুধবার রাত থেকে গ্রাহকদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে বিভিন্ন মোবাইল আর্থিক সেবার হিসাব বন্ধ করা শুরু হয়। বৃহস্পতিবারও এ কার্যক্রম অব্যাহত ছিল। বার্তায় জানানো হয়, মোবাইল আর্থিক সেবা বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট হিসাব সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) চাহিদার পরিপ্রেক্ষিতে বিকাশের ১ লাখ ২১ হাজার এবং নগদের ৭৮ হাজার হিসাব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

হিসাব বন্ধ হয়ে যাওয়ায় অনেক গ্রাহকের কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত আটকে রয়েছে। জরুরি প্রয়োজনে টাকা পাঠানো কিংবা উত্তোলন করতে না পেরে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হচ্ছে তাঁদের।

স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমির বিশ্বাস জানান, মাসের শেষ সময়ে তাঁর হাতে নগদ টাকা ছিল না। বিকাশ হিসাবে সাড়ে ৫ হাজার টাকা থাকলেও সেটি বন্ধ হয়ে যাওয়ায় সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তাঁকে ধারদেনা করতে হয়েছে।

শহরের পাওয়ার হাউস মোড়ের চা বিক্রেতা সাজ্জাদ শেখ বলেন, বোরো মৌসুমের জন্য ধানের বীজ কিনতে বাবার কাছে ৭ হাজার টাকা পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিকাশে লেনদেন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। এ অবস্থা দীর্ঘায়িত হলে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তামান্না পারভীন নামের আরেক গ্রাহক জানান, তাঁর ছেলে রাজশাহীতে পড়াশোনা করে। মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ছেলের কাছে প্রয়োজনীয় টাকা পাঠাতে পারছেন না তিনি।

এ বিষয়ে বিকাশের স্থানীয় এলাকা ব্যবস্থাপক মারুফ হাসান সজিব জানান, কোনো এজেন্টের হিসাব বন্ধ করা হয়নি। তবে বেশ কিছু হিসাবে লেনদেনসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হওয়া হিসাবগুলো নজরদারিতে রাখা হয়েছে। এ কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান বলেন, সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত হিসাব বন্ধ করার বিষয়ে আপত্তি নেই। তবে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের হিসাব বন্ধ হওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংশ্লিষ্টদের মতে, সন্দেহজনক আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ গ্রাহকদের স্বাভাবিক লেনদেন ও অর্থ ব্যবহারের সুযোগ নিশ্চিত করাও জরুরি। তাই যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর বিষয়ে দ্রুত পর্যালোচনা এবং গ্রাহকদের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রয়োজন।