বাংলাদেশে নারী সংসদীয় ককাস গঠনে সহযোগিতার প্রস্তাব পাকিস্তানের

নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় দুই দেশের সংসদীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা।

টুইট ডেস্ক: বাংলাদেশে সর্বদলীয় নারী সংসদীয় ককাস (Women’s Parliamentary Caucus) গঠনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদের নারী সংসদ সদস্যদের সংগঠন। ইসলামাবাদের পার্লামেন্ট ভবনে বাংলাদেশের সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের উইমেন্স পার্লামেন্টারি ককাস (ডব্লিউপিসি) আয়োজিত এ সভায় দুই দেশের সংসদীয় সহযোগিতা বৃদ্ধি, নারীর রাজনৈতিক অংশগ্রহণ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে লিঙ্গসমতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় ডব্লিউপিসির সচিব ও সংসদ সদস্য ড. শাহিদা রেহমানি বাংলাদেশের নারী সংসদ সদস্যদের সর্বদলীয় নারী সংসদীয় ককাস গঠনে পাকিস্তানের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের প্রতিনিধিদল এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে দেশে এমন একটি ককাস গঠনে আগ্রহ প্রকাশ করে।

আলোচনায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা, রাজনীতিতে নারীর প্রতিনিধিত্ব, প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন, সংসদীয় নজরদারি এবং আইন সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া নারী ও লিঙ্গসমতাভিত্তিক বাজেট প্রণয়ন, আইন বাস্তবায়ন পর্যালোচনা, সংসদীয় গবেষণা এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়।

সভায় দক্ষিণ এশীয় নারী সংসদ সদস্যদের আঞ্চলিক নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাবও উঠে আসে। বাংলাদেশের প্রতিনিধিদল এতে আগ্রহ প্রকাশ করে। এ উদ্যোগে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের নারী সংসদ সদস্যদের যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

দুই দেশের সংসদীয় সহযোগিতা অব্যাহত রাখতে যোগাযোগের জন্য নির্দিষ্ট প্রতিনিধি নিয়োগ, নিয়মিত ভার্চুয়াল বৈঠক এবং প্রতিবছর পারস্পরিক সংসদীয় সফরের প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে নারী সংসদ সদস্যদের নিয়ে একটি ছোট সমন্বয়ক দল গঠনের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আইপিইউ নির্বাহী কমিটির সদস্য জাহারাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হামাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নীলুফার চৌধুরী মনি এবং ভূমি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জাকারিয়া বিন আমজাদ এবং স্পিকারের সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পক্ষে ডব্লিউপিসির সচিব ড. শাহিদা রেহমানিসহ সদস্য সৈয়দা শেহলা রাজা, সোফিয়া সাঈদ শাহ, জেব জাফর, রোমিনা খুরশিদ আলম, হুমা আখতার চুগতাই, নাইমা কিশওয়ার খান, জাহরা ওয়াদুদ ফাতেমি, ফারাহ নাজ আকবর, ফারাখ খান, মুসারাত রফিক মেহেসার ও ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো বৈঠকে অংশ নেন।

সূত্র: পাকিস্তান হাইকমিশন, বাংলাদেশ।