রাজশাহীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

লোহার বারে সোনালি প্রলেপ দিয়ে স্বর্ণ বলে বিক্রির চেষ্টা; চেকপোস্টে পুলিশের হাতে ধরা, পালিয়েছে সহযোগী।

নিজম্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় স্বর্ণের বার বলে প্রতারণার উদ্দেশ্যে বহন করা ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় বস্তুগুলো লোহার তৈরি বলে জানা গেছে। এ ঘটনায় তাঁদের এক সহযোগী পালিয়ে গেছে।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনার সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামানো হয়। এ সময় অটোরিকশার তিন যাত্রীর একজন পালিয়ে যায়। অন্য দুজনের দেহ তল্লাশি করে একজনের স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের বারসদৃশ বস্তু পাওয়া যায়।

পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করা হয়। এতে সোনালি প্রলেপ তুলে ভেতরে লোহা পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পলাতক এক সহযোগীর সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে লোহার বারে সোনালি প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ জানান, মনির তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।

পুলিশ জানায়, উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।