আসিব আসিব বলিয়া আর কত দিন: স্বরাষ্ট্রমন্ত্রী

টুইট ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সরকারের কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বারবার দেশে ফেরার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আসিব আসিব বলিয়া কত দিন পার হবে। কখনও নভেম্বর, কখনও ডিসেম্বর, আবার কখনও ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে।” তার ভাষ্য, সরকার এ ধরনের ঘোষণাকে গুরুত্ব দিয়ে দেখছে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে কেবল বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায়ই দেশে ফিরতে হবে। আইনের বাইরে অন্য কোনো উপায়ে তার দেশে ফেরার সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসে গণহত্যা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত কোনো শক্তি পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। আওয়ামী লীগের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে এবং দলটি নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নেবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেসব এলাকায় অস্থিরতার আশঙ্কা থাকে, সেখানে পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা একটি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণে প্রকৃত শ্রমিক ও মালিক সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে সরকার পরিকল্পনা করছে।