নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে ভয়াবহ আগুন

ভোরে আগুনের সূত্রপাত, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে; শর্টসার্কিট নাকি নাশকতা, তদন্ত করছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ইউএনওর কক্ষসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শর্টসার্কিট নাকি নাশকতা, তদন্ত করছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষসহ কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
অগ্নিকাণ্ডে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউএনও অলিদুজ্জামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।






