সমুদ্রপথের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কাতার-কানাডার উদ্যোগ

গাজা, সিরিয়া ও লেবাননের পরিস্থিতি নিয়ে মতবিনিময়; সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ।

আন্তর্জাতিক ডেস্ক: কাতার ও কানাডা প্রথমবারের মতো দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপের অংশ হিসেবে রাজনৈতিক সহযোগিতা বিষয়ে বৈঠক করেছে। প্রথম কৌশলগত সংলাপে গাজা, সিরিয়া, লেবাননসহ আঞ্চলিক সংকট এবং সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক জোরদার, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফ কাতারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে কানাডার পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী অরুণ থাঙ্গারাজ।

বৈঠকে দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি তা আরও শক্তিশালী ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া গাজা উপত্যকা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়া ও লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করে। লাতিন আমেরিকার বিভিন্ন বিষয় এবং সংকট নিরসন, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক উদ্যোগও আলোচনায় স্থান পায়।

সাধারণ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় ও পরামর্শ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মধ্যস্থতা এবং বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহযোগিতার পরিধি বাড়ানো ও আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তা রক্ষায় চলমান প্রচেষ্টাকে সমর্থনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং অঞ্চলটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় একটি পূর্ণাঙ্গ চুক্তির পথ তৈরি করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগের প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বহুপক্ষীয় আন্তর্জাতিক উদ্যোগ জোরদার, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা সমুন্নত রাখা এবং সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, এসব উদ্যোগ টেকসই শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।

তথ্যসূত্র: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।