তামাকের জমিতে কমলার বাগান, বদলে যাচ্ছে কৃষির চিত্র

তামাক ছেড়ে চাইনিজ কমলা চাষে সফল মোখলেসুর রহমান; ৩০ শতকের বাগানে প্রতিবার আয় দুই থেকে আড়াই লাখ টাকা

তারাগঞ্জ প্রতিনিধি: একসময় যে জমিতে চাষ হতো তামাক, সেই জমিতেই এখন শোভা পাচ্ছে সবুজে ঘেরা চাইনিজ কমলার বাগান। গাছের ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় কমলা। সবুজ পাতার ফাঁকে পাকা ফলের হলুদ আভা যেন জানান দিচ্ছে কৃষকের সাফল্যের গল্প। তামাক চাষ ছেড়ে বিকল্প ফসল হিসেবে কমলার বাগান গড়ে তুলেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষক মোখলেসুর রহমান। তাঁর ৩০ শতক জমির বাগান থেকে প্রতিবার কমলা বিক্রি করে আয় হচ্ছে দুই থেকে আড়াই লাখ টাকা। তাঁর এই উদ্যোগ শুধু আর্থিক সাফল্যই এনে দেয়নি, এলাকার অন্য কৃষকদের মধ্যেও ফল চাষে আগ্রহ বাড়াচ্ছে।

উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান একসময় তামাক চাষ করতেন। তবে প্রচলিত চাষাবাদের বাইরে গিয়ে লাভজনক বিকল্প ফসল উৎপাদনের চিন্তা থেকেই কমলা চাষে আগ্রহী হন তিনি। সেই ভাবনা থেকেই কয়েক বছর আগে গড়ে তোলেন চাইনিজ কমলার বাগান।

২০২০-২১ অর্থবছরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ৩০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে কমলা চাষ শুরু করেন তিনি। এ সময় কৃষি বিভাগ থেকে তাঁকে ৯০টি কমলার চারা, প্রয়োজনীয় সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়। সেই ছোট উদ্যোগই কয়েক বছরের ব্যবধানে পরিণত হয়েছে সম্ভাবনাময় ফলের বাগানে।

নিয়মিত পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলোতে ফল আসতে শুরু করলে বদলে যেতে থাকে বাগানের চিত্র। এখন প্রতিটি গাছে থোকায় থোকায় কমলা ধরেছে। বাগানের ফল বিক্রি করেই আর্থিকভাবে লাভবান হচ্ছেন মোখলেসুর রহমান।

কৃষক মোখলেসুর রহমান জানান, এ পর্যন্ত তাঁর বাগানের কমলা তিন দফায় বিক্রি করেছেন। প্রতিবারই দুই থেকে আড়াই লাখ টাকার কমলা বিক্রি হয়েছে। চলতি মৌসুমেও ভালো ফলন হয়েছে। এবার প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি।

তিনি বলেন, তামাক চাষের পরিবর্তে কমলার বাগান করে ভালো ফল পেয়েছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে কমলার বাগান করার পরিকল্পনা রয়েছে তাঁর। এ অঞ্চলে কমলা চাষের সম্ভাবনা কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়াতে চান তিনি।

মোখলেসুর রহমানের বাগানে ফলন ও বিক্রির সম্ভাবনা দেখে আশপাশের কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তাঁর বাগান দেখতে আসছেন। কেউ কমলা, কেউ মাল্টা, আবার কেউ অন্যান্য লেবুজাতীয় ফল চাষের পরিকল্পনা করছেন। ফলে তামাকের বিকল্প হিসেবে ফল চাষের সম্ভাবনাও ক্রমে বাড়ছে।

উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম হাসান বলেন, কৃষক মোখলেসুর রহমানের কমলার বাগান নিয়মিত দেখভাল করা হচ্ছে। বাগানের প্রতিটি গাছে গড়ে ৩০ কেজির বেশি কমলা ধরেছে। তারাগঞ্জের স্থানীয় আবহাওয়া ও মাটির গুণগত মান লেবুজাতীয় ফল চাষের জন্য উপযোগী। ধান ও আলুর পাশাপাশি কৃষকেরা ধীরে ধীরে কমলা, মাল্টা ও লেবু চাষের দিকেও আগ্রহী হচ্ছেন। এতে স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, তারাগঞ্জ উপজেলায় বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান রয়েছে। এ ছাড়া ৩৫ হেক্টর জমিতে ১৬০টি মাল্টার বাগান এবং সাত হেক্টর জমিতে লেবুর বাগান রয়েছে। এসব বাগানের কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

তামাকের জমিতে চাইনিজ কমলার বাগান গড়ে তুলে মোখলেসুর রহমান দেখিয়েছেন, প্রচলিত ফসলের বাইরে বিকল্প ফল চাষেও কৃষকের জন্য লাভের সুযোগ রয়েছে। তাঁর এই উদ্যোগ শুধু একজন কৃষকের সাফল্যের গল্প নয়, তারাগঞ্জে ফল চাষ সম্প্রসারণ এবং তামাকের বিকল্প কৃষি গড়ে তোলার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।