শেয়ারবাজারে দরপতনের গুজব, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বিএসইসির

শেয়ারবাজারে দরপতনের গুজব, বিএসইসির হুঁশিয়ারি
বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান, বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হতে যাচ্ছে কিংবা পরিকল্পিতভাবে দরপতন ঘটানো হবে, এমন প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব বলে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মাধ্যমে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে, এমন দাবি করে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এসব প্রচারের কোনো সত্যতা নেই। সম্পূর্ণ ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে এসব গুজব ছড়ানো হচ্ছে।

বিএসইসির মতে, এ ধরনের অপপ্রচার শেয়ারবাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় বিনিয়োগকারীদের এসব গুজব প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কমিশন। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএসইসি আরও জানিয়েছে, শেয়ারবাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বাজারসংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং বিনিয়োগকারীদের সচেতনতাই গুজবনির্ভর অস্থিরতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে কমিশন।