এস আলমের কারখানা চালুর দাবি, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সাবেক শ্রমিক-কর্মচারীদের পাঁচ দফা দাবি; এক সপ্তাহের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আহ্বান।
টুইট প্রতিবেদক: এস আলম গ্রুপের বন্ধ হয়ে থাকা সব শিল্পকারখানা দ্রুত চালু এবং চাকরিচ্যুত হাজার হাজার শ্রমিক-কর্মকর্তার কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক শ্রমিক-কর্মচারীরা। এ দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে দেওয়া স্মারকলিপিতে কারখানা চালুর পর আগের কর্মীদের পুনরায় নিয়োগ, ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা নিরসন এবং উৎপাদন সচল রাখতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহের দাবি জানানো হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আহ্বান জানান তারা।
স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানে কাজ করেও রাজনৈতিক পরিস্থিতির কারণে জীবিকার পথ বন্ধ হয়ে গেছে বলে দাবি তাদের।
তাদের ভাষ্য অনুযায়ী, মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কারখানা চালুর বিষয়ে স্থায়ী কোনো সমাধান আসেনি। মালিকপক্ষের বক্তব্য উদ্ধৃত করে শ্রমিকরা জানান, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের পর ব্যাংকগুলো কারখানার ঋণ ও ব্যবসায়িক হিসাব বন্ধ করে দেয়। এতে চলতি মূলধন ও কাঁচামালের সংকট তৈরি হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, বর্তমান সরকার বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নেওয়ার কথা জানালেও এস আলম গ্রুপের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। খেলাপি ঋণ থাকা সত্ত্বেও সিটি গ্রুপের কারখানা সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, একসময় যেসব কারখানায় দিনরাত ২৪ ঘণ্টা উৎপাদন চলত, সেগুলো এখন কার্যত অচল। দীর্ঘ আড়াই বছরের বেকারত্বে শ্রমিকদের পরিবার আর্থিক সংকটে পড়েছে। সন্তানদের পড়াশোনা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো কঠিন হয়ে উঠেছে। বয়স বেড়ে যাওয়ায় অনেকেই নতুন কর্মসংস্থান খুঁজেও সমস্যায় পড়ছেন।
শ্রমিকদের পাঁচ দফা দাবি
স্মারকলিপিতে শ্রমিক-কর্মচারীদের পক্ষ থেকে পাঁচটি দাবি তুলে ধরা হয়েছে। এগুলো হলো:
১. এস আলম গ্রুপের বন্ধ সব শিল্পকারখানা দ্রুত চালু করা।
২. আগে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পুনরায় কাজে যোগদানের সুযোগ দেওয়া এবং কাউকে ছাঁটাই না করা।
৩. ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করে উৎপাদনের জন্য পর্যাপ্ত চলতি মূলধন নিশ্চিত করা।
৪. রাজনৈতিক কারণে কোনো শিল্পকারখানা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া।
৫. এক সপ্তাহের মধ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা।
এদিকে, দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। তাদের অভিযোগ, চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান খুঁজতেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিনের বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে পরিবারগুলোর সংকট আরও বেড়েছে।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকার বন্ধ কলকারখানাগুলো দ্রুত চালুর চেষ্টা করছে। পাশাপাশি দক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও কাজ চলছে।
শিল্পকারখানাগুলো চালু হলে একদিকে যেমন বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ফিরতে পারে, অন্যদিকে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসার সম্ভাবনা রয়েছে। তবে এ ক্ষেত্রে ব্যাংকঋণ, আর্থিক জটিলতা ও মালিকপক্ষের অবস্থানসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।






