রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র করতে চাই: রাসিক প্রশাসক

নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন ইনডোর স্টেডিয়ামের
টুইট ডেস্ক: রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ লক্ষ্যে নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন।
তিনি বলেন, ক্রীড়া শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। একজন খেলোয়াড় তাঁর প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
তিনি আরও জানান, রাজশাহী সিটি করপোরেশন নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীতে খেলাধুলার পরিবেশ সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।






