বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৯ পদে চাকরি, বেতন সর্বোচ্চ ৭০ হাজার টাকা

এডিবির অর্থায়নে SICIP প্রকল্পের আওতায় ৯ জন নিয়োগ; আইসিটি ও জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় পাঁচ পদে আবেদন আহ্বান।

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (SICIP) আওতায় পাঁচটি পদে ৯ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটে (PIU) এসব পদে পূর্ণকালীন নিয়োগ দেওয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এ কর্মসূচির আওতায় আইসিটি দক্ষতা উন্নয়ন ও জাপানিজ ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে দুইজন এবং ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে। উভয় পদের মাসিক গ্রস বেতন ৭০ হাজার টাকা।

প্রথম পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

দ্বিতীয় পদের জন্য অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা বিজনেস বিষয়ে এমবিএ অথবা মাস্টার্স ডিগ্রি এবং পাবলিক প্রকিউরমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পেশাগত অভিজ্ঞতা ও সিএ অথবা সিএফএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

এ ছাড়া ল্যাব অ্যাটেনডেন্ট পদে দুইজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন ৩৩ হাজার টাকা। প্রার্থীদের আইটি বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা এবং ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দুইজন নিয়োগ দেওয়া হবে, বেতন ২০ হাজার টাকা। এ পদের জন্য ন্যূনতম এইচএসসি পাস হতে হবে।

অন্যদিকে, ক্লিনার পদে দুইজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতনও ২০ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি।

আবেদনকারীদের একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, প্রশিক্ষণ সনদ ও অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে। যোগাযোগের জন্য ফোন নম্বর ০১৭৩০৪০৬৫৪৮। আবেদনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের [SICIP পোর্টালে]

বিজ্ঞপ্তির এক অংশে আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৬ এবং পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ ২৫ নভেম্বর উল্লেখ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে আবেদনের শেষ সময় ২৮ নভেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে। তাই আবেদন করার আগে সর্বশেষ সময়সীমা ও নিয়োগসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টাল থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নিয়োগে কোনো ধরনের সুপারিশ বা প্রভাব বিস্তারের চেষ্টা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এ নিয়োগের মাধ্যমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের চাকরিপ্রত্যাশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে SICIP-এর আওতায় আইসিটি ও জাপানিজ ভাষায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।