তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ

জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: শিক্ষামন্ত্রী

টুইট ডেস্ক : দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রয়েছে। ভবিষ্যতে তা বাড়িয়ে ৫ শতাংশে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের প্রধান শক্তি। তাই দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ অপরিহার্য।

তিনি বলেন, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব হলো এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো জাতীয় উন্নয়নে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআইনির্ভর। এ লক্ষ্য বাস্তবায়নে শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার পাশাপাশি এআই খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আইএইউপির এই সেমি-অ্যানুয়াল মিটিং। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ ও আন্তর্জাতিক শিক্ষাসহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।

এ সময় আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খানসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।