দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

ব্যাংক খাতের সংস্কার, কর আদায় বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ
টুইট ডেস্ক : কয়েক দশকের অর্থনৈতিক অগ্রগতির পর একাধিক সংকটে চাপে পড়েছে বাংলাদেশ। দুর্বল ব্যাংক খাত, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দেশটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটির মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময় তিন বছর পিছিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে না পারলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের কথা ছিল। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জাতিসংঘের কাছে উত্তরণের সময় তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন করে। গত মাসে সেই আবেদন অনুমোদন পেয়েছে। এই বিরতি কাজে লাগিয়ে ব্যাংক খাতের সংস্কার ও রাজস্ব আদায় বাড়ানোর পরামর্শ দিয়েছে সাময়িকীটি।
একসময় বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ স্বাধীনতার পর কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মাথাপিছু আয় চার গুণ বৃদ্ধি, শিশুমৃত্যুর হার কমানো, শিক্ষার বিস্তার এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হওয়াকে এই অগ্রগতির বড় উদাহরণ হিসেবে তুলে ধরেছে ইকোনমিস্ট।
তবে সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়েছে, বর্তমান সংকটের পেছনে শেখ হাসিনার শাসনামলের আর্থিক অনিয়ম ও ব্যাংক খাতের দুর্বলতার ভূমিকা রয়েছে। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি বা মন্দ ঋণে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরও দেশের রাজনৈতিক অস্থিরতা কাটেনি। কর্মকর্তাদের বরাত দিয়ে সাময়িকীটি জানিয়েছে, পোশাকশিল্পে ধর্মঘট, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তবে দেশের সব সমস্যার দায় কেবল শেখ হাসিনার ওপর চাপানো যায় না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জ্বালানি সরবরাহে বিঘ্ন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিও শিল্প খাতে চাপ তৈরি করেছে। পাশাপাশি নতুন সরকার মূল্যস্ফীতি ও দুর্নীতি মোকাবিলায় প্রত্যাশিত গতি দেখাতে পারেনি বলে ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে।
সাময়িকীটির তথ্য অনুযায়ী, ২০২২ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে। অন্যদিকে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২০২৫ সালে কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা আগে প্রায় ৬ শতাংশ ছিল। প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের ক্রয়ক্ষমতাও চাপে পড়েছে। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দারিদ্র্য বাড়ার প্রবণতাও দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের সংকটের আশঙ্কা তুলনামূলক কম বলে মনে করছে ইকোনমিস্ট। প্রবাসী আয় ও পোশাক রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা আসায় বিদেশি ঋণ পরিশোধের চাপ সামাল দেওয়া সম্ভব হতে পারে। তবে ঋণ পরিশোধের ব্যয় চলতি বছর জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করবে। একই সঙ্গে জিডিপির মাত্র ৭ শতাংশের মতো কর আদায় করতে পারাকে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করেছে সাময়িকীটি।
অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যাংক খাত পুনর্গঠন, কর আদায় বাড়ানো এবং বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশেষ বাজার সুবিধার বিকল্প খোঁজার ওপর গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। তবে ব্যাংক খাত সংস্কারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো সংস্থার সহায়তা নিতে হলে সরকারি ভর্তুকি কমানোর মতো অজনপ্রিয় শর্তও আসতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সাময়িকীটির মতে, এলডিসি উত্তরণের জন্য পাওয়া অতিরিক্ত তিন বছর বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর গুরুত্বপূর্ণ সুযোগ। এ সময়ে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে না পারলে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকি আরও বাড়তে পারে।






