এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সমর্থকের কারাদণ্ড

১১ মাসের সাজা, দুই বছর ফুটবল মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা; সরকারি চাকরির যোগ্যতাও হারালেন অভিযুক্ত।
টুইট প্রতিবেদক: ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী গালিগালাজ করার দায়ে এক ফুটবল সমর্থককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। একই সঙ্গে তাঁকে সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং জরিমানাও করা হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ এ রায় দেন। ২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে এমবাপ্পেকে উদ্দেশ করে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেছিলেন ওই সমর্থক।
রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে জানানো হয়, বিদ্বেষমূলক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্তকে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অযোগ্যতা আরোপ এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তবে কারাদণ্ড কার্যকর স্থগিত রাখার শর্ত হিসেবে আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি। অর্থাৎ এ সময়ে তাঁকে ফুটবল মাঠে প্রবেশ থেকে বিরত থাকতে হবে।
রিয়াল মাদ্রিদ অবশ্য সাজাপ্রাপ্ত সমর্থকের নাম প্রকাশ করেনি। ক্লাবটি জানিয়েছে, বর্ণবাদী আচরণের বিরুদ্ধে তাদের অবস্থান আগের মতোই কঠোর।
এর আগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকেও লক্ষ্য করে একাধিকবার বর্ণবাদী মন্তব্যের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে।
ফুটবলে বর্ণবাদী আচরণ বন্ধে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে আইনি ও সাংগঠনিক পদক্ষেপ জোরদার হচ্ছে। এমবাপ্পেকে ঘিরে এই রায় মাঠে ও গ্যালারিতে বর্ণবাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।






