লন্ডনে নিষিদ্ধ আ.লীগ ও এনসিপির সংঘর্ষ, হাসপাতালে ভর্তি ৪

নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের লাঠিচার্জ
টুইট ডেস্ক : যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে লন্ডনের মধ্যাঞ্চলে এ ঘটনায় অন্তত চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে অবস্থান করা আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।
অনুষ্ঠান শেষে মে ফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে হাতাহাতি ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ করে।
এ ঘটনায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাগরিক সমাজের প্রতিনিধি ও উপস্থিত অতিথিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসীদের অনেকে বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ লন্ডনে নিয়ে গিয়ে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য বিব্রতকর ও অসম্মানজনক।






